ব্যবসায়ীর টাকা ছিনতায়ের ঘটনায় গ্রেফতার চালক সহ ৪ যুবক
আমার কথা, আসানসোল, ২৭ জুলাইঃ
একেই বলে অতি চালাকের গলায় দড়ি। তদন্তকারী অফিসারদের সাথে মিশেও শেষ রক্ষা হল না। ২৪ ঘন্টাও পেরোলো না, তার আগেই পুলিশের জালে ধরা পরে গেল অপরাধী। গ্রেফতার আরো তিনজন।
আসানসোলের সাতাইশ মোড়ে জাতীয় সড়কের ওপর শনিবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাকেশ জুলানিয়া নামে এক ব্যবসায়ীর দুই কর্মচারীর যাদের নাম রবীন্দ্রনাথ সিং ও সুজিত বসাক টাকা কালেকশন করে নিয়ে ফিরছিলেন। তখন থেকে ১১ লক্ষ টাকা ছিনতাই করে দুই বাইক আরোহী যুবক। সাথে সাথে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন রাকেশ জুলানিয়া। এরপর পুলিশ তদন্তে নামে। পুলিশকে যেন তদন্তে সাহায্য করছে এরকম ভাব নিয়ে তদন্তকারী অফিসারদের সাথে সাথে ছিলেন ওই ব্যবসায়ীর সংস্থার এক চালক সরবন মণ্ডল।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ধ্রুব দাস জানান, “আসানসোল উত্তর থানার আধিকারিক অমিত হালদার ও দক্ষিন থানার আধিকারিক কৌশিক কুন্ডুর নেতৃত্বে সারা রাত অভিযান চালানো হয়। অবশেষে নানা সুত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে চারজন যুবককে গ্রেফতার করা হয়, যার মধ্যে এই সরবন মন্ডলও রয়েছে। ধৃত চারজনের মধ্যে একজন অভিষেক প্রসাদের বাড়ি জামুড়িয়ায় ও বাকি রাহুল বর্ণওয়াল, দীপঙ্কর বিশ্বাস ও সরবন মন্ডলের বাড়ি নিয়ামতপুরে। উদ্ধার হয়েছে একটি বাইক ও ২লক্ষ টাকা। বাকি টাকার জন্য অভিযুক্তদের জেরা করা হচ্ছে। .তদন্ত চলছে তারপর ই বাকি বিষয় বলা যাবে।”
তবে তদন্তের সময় অপরাধীর উপস্থিতি বা তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সাধারনের মত মিশে গিয়ে পুলিশি তদন্ত জানার চেষ্টার ঘটনা অবাক করেছে সকলকে।



