বিজেপির প্রচারে মদ্যপ যুবক, চরম বিতর্ক শিল্পাঞ্চল রাজনীতিতে
আমার কথা, ২৪ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
সামনেই নির্বাচন। তার আগে রাজনৈতিক তরজা এবার সরাসরি রাস্তায়। শিল্পাঞ্চল দুর্গাপুরের ইস্পাত নগরীর বিজোন এলাকায় সোমবার সন্ধ্যায় বিজেপির প্রচার ঘিরে চরম উত্তেজনা ছড়াল। অভিযোগ অনুযায়ী, দুর্গাপুর নগর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের রামানুজম, উইলিয়াম কেরি ও মেঘনাথ সাহা এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারপত্র বিলি করছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁদের পথ আটকে দেন বলে অভিযোগ উঠছে।তৃণমূলের দাবি, ওই সময় এক বিজেপি যুবক মদ্যপ অবস্থায় প্রচার চালাচ্ছিলেন। এলাকার মানুষজন তাদের জানান। পথ আটকানো হলে ওই যুবক নিজেই স্বীকার করেন যে তিনি মদ খেয়েছেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।বিজেপির পাল্টা অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃতি ব্যানার্জী জ্বালান ও তাঁর স্বামী সৌগত ব্যানার্জীর নেতৃত্বে দলবল নিয়ে তাঁদের উপর চড়াও হওয়া হয়। মহিলা কর্মীরাও রেহাই পাননি বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন জেলা বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিজোন ফাঁড়ির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জ্বালান ও তার স্বামী সৌগত ব্যানার্জির দাবি, ভোটের মুখে বিজেপি ইচ্ছাকৃতভাবে নাটক করছে এবং ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘আমার কথা’।



