দু:সাহসিক চুরি! দুটি ব্যাংকের সার্ভিস সেন্টারকে টার্গেট দুষ্কৃতিদের
আমার কথা, ২২ জানুয়ারী
দেবনাথ মোদক, ইন্দপুর:
পাশাপাশি দুই ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকাজুড়ে। বাঁকুড়ার ইন্দপুরের বনকাটা ক্যানেল বীজ মোড়ে পাশাপাশি দুটি ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। একটি এসবিআই ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও অনলাইন সেন্টারে চুরি হয়। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দোকানের জানালার রড ভাঙা অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা দোকানের মালিকদের খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
দোকান মালিকদের দাবি, বুধবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি ফিরে যান। সকালে এসে দেখেন জানালার রড ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে লুটপাট চালিয়েছে। চোরেরা ব্যাঙ্কের কাজের জন্য ব্যবহৃত দুটি ল্যাপটপ, বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং কয়েক হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ। দোকান মালিকদের দাবি, এই নিয়ে মোট তিনবার চুরির ঘটনা ঘটল। তাদের দাবি, ঘটনার কথা পুলিশে জানানো হয়েছে। ঘটনাস্থলে এসে ইন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, চুরির ঘটনার জেরে আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। ল্যাপটপ চুরি যাওয়ায় কিভাবে ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টার চালানো হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেন্টারের মালিকরা।



