অনুষ্ঠানবাড়ি সাজানোর সামগ্রীর গোডাউনে ভয়াবহ আগুন
আমার কথা, ২০ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
শিল্পাঞ্চল দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায় অনুষ্ঠানবাড়ি সাজানোর সামগ্রীর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন তথ্য সামনে এল। প্রাথমিকভাবে জানা গেছে, গোডাউনের পিছনে জমে থাকা আবর্জনার স্তূপ থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে গোডাউনের পেছনে নানা রকম দাহ্য বর্জ্য কাগজ, প্লাস্টিক, থার্মোকল ও অন্যান্য ফেলে রাখা সামগ্রী জমে ছিল। সেখান থেকেই আচমকা আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে তা গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে। ভেতরে মজুত থাকা কাপড়, সাজসজ্জার সামগ্রী, লাইটিং তার ও বাঁশের কাঠামো দ্রুত আগুনের গ্রাসে চলে যায়। গোডাউনটি চিরঞ্জিত শিকদারের। তিনি দীর্ঘদিন ধরে বিয়ে বাড়ি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করেন। বৃহস্পতিবার তিনি বেনাচিতির নতুন পল্লীতে একটি অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ই আগুন লাগার খবর পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। স্থানীয় বাসিন্দারাও প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের ভিতরের বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। দমকল সূত্রে প্রাথমিক অনুমান, আবর্জনার স্তূপে কেউ আগুন জ্বালানো বা অসাবধানতাবশত আগুন লাগার ঘটনা থেকেই এই বিপত্তি ঘটে থাকতে পারে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। ট্রাঙ্ক রোডে সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। বিয়ের মরশুমের ঠিক আগে এমন অগ্নিকাণ্ডে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন গোডাউন মালিক। ১০লক্ষ টাকার সামগ্রী ছিল বলে দাবি চিরিঞ্জিত বাবুর। দমকল আধিকারিক সুজিত ঘটক বলেন,”দোকানের পিছনের আবর্জনা থেকেই অগ্নিকাণ্ড। গোডাউনের জিনিসপত্র পুড়ে গেছে।”



