মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী শিল্পাঞ্চল, মালগাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত ১ আহত ২
আমার কথা, রাকেশ লাহা, জামুরিয়া, ১ ডিসেম্বর:
সপ্তাহের শুরুর দিনেই শিল্পাঞ্চল জামুরিয়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মালগাড়ি ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির গুরুতর, আহত দুই। মৃত ব্যক্তির নাম ভুটকা সোরেন। ঘটনাটি ঘটে জামুরিয়া শেখপুর সংলগ্ন রেললাইনে।
জানা যায় সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ, জামুরিয়ার নন্ডী এলাকা থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর শেখপুর রেলগেট পার হয়ে দামোদরপুরের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই ওই ইট বোঝাই ট্রাক্টরটি রেল লাইন পেরোনোর সময় চিত্তরঞ্জনের দিক থেকে আসা একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারলে ইট বোঝাই টাক্টরটি তিন টুকরো হয়ে যায় এবং রেললাইনের দুই পাশে ছিটকে পড়ে। ঘটনায় সেই ট্রাক্টরটির মধ্যে থাকা তিন ব্যক্তির মধ্যে একজনের মৃত্যু হয় এবং গুরুতরভাবে আহত হয় বাকি দুইজন।
ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী , রেল পুলিশ ফোর্স, এবং রেলের উদ্ধারকারী দল। ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় মানুষজনদের।
সূত্রের খবর, গুরুতর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বর্তমানে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। অন্যদিকে রেলের উদ্ধারকারী দল মালগাড়ি ধাক্কায় দুমড়ে মুছরে যাওয়া ট্রাক্টরটির মধ্যে আটকে পড়া মৃত বুধন হাঁসদাকে গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে কেটে বের করে এবং পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে।
এই ঘটনায় রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।



