সাফাই অভিযানে অংশ নিলেন বিডিও, পঞ্চায়েত প্রধান
আমার কথা, অন্ডাল, ৮ এপ্রিল:
পরিবেশ পরিচ্ছন্নতা রাখা ও প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে মঙ্গলবার কাজোরাতে আয়োজন করা হয় সাফাই অভিযান ও সচেতনতা মিছিল। এদিনের কর্মসূচিটি হয় অন্ডাল পঞ্চায়েত সমিতি, কাজোরা গ্রাম পঞ্চায়েত ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লকের ভিডিও দেবাঞ্জন দত্ত, কাজোরা পঞ্চায়েতের প্রধান মনীষা শর্মা, পঞ্চায়েত সদস্য মলয় চক্রবর্তী ছাড়াও আইসিডিএস, আশা কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলির সদস্য আর ভিআরপি স্বেচ্ছাসেবকরা।
সকাল ন’টা নাগাত সচেতনতা মিছিলটি শুরু হয় কাজোরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে। বাজার এলাকায় স্বচ্ছতা নিয়ে প্রচারের পাশাপাশি হয় সাফাই অভিযান। অন্যদের সাথে সাফাই অভিযানে হাত লাগান বিডিও দেবাঞ্জন দত্ত, পঞ্চায়েত প্রধান মনীষা শর্মাও। পঞ্চায়েত সদস্য মলয় চক্রবর্তী বলেন স্বচ্ছ বাংলা, নির্মল পরিবেশ গড়া ও প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করতেই এই কর্মসূচি।



