কুশপুতুল পুড়িয়ে, হাওয়াই চটি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আমার কথা, দুর্গাপুর, ২৯ জুনঃ
কসবার ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবি, সাথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে সর হল বিজেপি। সারা রাজ্য জুড়ে এর প্রতিবাদের ঝড় তুলেছে পদ্মফুল কর্মীরা। সেই ঝড় আছড়ে পড়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরেও। রবিবার দুর্গাপুরের মুচিপাড়া মোড়ে ১৯নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা, যার নেতৃত্ব দেন বর্ধমান সাংগঠনিক জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দোপাধ্যায়, সাথে ছিলেন বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডল।
এদিন তাঁরা টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ায়। ১৫মিনিট ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম এই সড়কে। পুলিশ অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সাথে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। বিজেপি কর্মীরা পুলিশকর্মীদের ধাক্কা দিতে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়।
চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, “ল’ কলেজের ছাত্রীকে কলেজের ভেতরে ধর্শণ করা হয়েছে আর তার প্রতিবাদ করতে গেলে রাজ্যের পুলিশ আমাদের সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাতে আজ পথ অবরোধ করেছি। মুখ্যমন্ত্রীর পুলিশ আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তা প্রতিহত করেছি।”



