দুর্গাপুরে জয় বাংলা শ্লোগানের সাথে শুভেন্দুকে দেখানো হল কালো পতাকা

আমার কথা, দুর্গাপুর, ২০ জুন:
পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে পশ্চিমবর্ধমানে কালো পতাকা দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি কলকাতা থেকে আসানসোলে যান পপশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য। মাঝে দুর্গাপুরে দলীয় কর্মীদের সাথে কিছুটা সময় কাটান। এরপর যখন তিনি আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন ১৯ নং জাতীয় সড়ক ধরে, তখন ভিড়িঙ্গী মোড়ের কাছে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক, যাদের হাতে মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের কাট আউট ছিল, তারা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখান, সাথে তারা জয় বাংলা ধ্বনি দিতে থাকেন। যদিও এই যুবকেরা নিজেদের তৃণমূল কর্মী নয়, সাধারণ নাগরিক বলে পরিচয় দেন।
কালো পতাকা হাতে অভিষেক রায় নামে এক যুবক বলেন, “প্রধানমন্ত্রী যেমন সবার, মুখ্যমন্ত্রীও তেমনই সবার। শুভেন্দু অধিকারী সব সময় মুখ্যমন্ত্রীকে নিয়ে বাজে বাজে কথা বলেন। দিন কয়েক আগে তিনি মুখ্যমন্ত্রীকে একটি অশালীন কথাও বলেছেন। ওনার ঘরেও বাচ্চারা বড় হচ্ছে। ওনার মুখের এই ভাষা শুনলে তারা কি শিখবে? যার মুখের ভাষা ভাল নয়, সেই মানুষও ভাল নয়। আমরা তাই সাধারণ নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়েছি ওনাকে কালো পতাকা দেখিয়ে”।



