শিল্প ধর্মঘটে দুর্গাপুরে সক্রিয় সিটু, বিরোধীর ভূমিকায় শাসকদল
আমার কথা, ১২ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
কেন্দ্রীয় ১০টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরেও। বৃহস্পতিবার সকাল হতেই দুর্গাপুরের ইস্পাত কারখানার প্রধান গেটের সামনে জড়ো হন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকেরা। ধর্মঘটের সমর্থনে স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন তাঁরা। কেন্দ্রের শ্রমনীতি, বেসরকারিকরণ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই সর্বভারতীয় ধর্মঘটের ডাক এমনটাই দাবি আন্দোলনকারীদের। দুর্গাপুর ইস্পাত কারখানার বাইরে উত্তেজনার পারদ চড়তে থাকে। সিটু নেতা স্বপন মজুমদার বলেন, শ্রমিক স্বার্থ রক্ষা ও শ্রম আইন সংশোধনের প্রতিবাদে এই ধর্মঘট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁদের অভিযোগ, কেন্দ্রের নীতির ফলে শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলিকে ধীরে ধীরে বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে।অন্যদিকে ধর্মঘটের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। কোর কমিটির সদস্য মানুষ অধিকারী দাবি করেন, এ ধরনের ধর্মঘট শিল্প উৎপাদন ব্যাহত করে এবং সাধারণ শ্রমিকদের দৈনন্দিন উপার্জনে প্রভাব ফেলে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা কারখানার স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার পক্ষে সওয়াল করেন এবং শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।



