প্রাকৃতিক বিপর্যয়ে দুঃস্থদের পাশে দাঁড়ালেন পুরমাতা
আমার কথা, বর্ধমান, ২৬ জুলাইঃ
গত কয়েকদিনের অতিবর্ষণে শহরজুড়ে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা ও বিপর্যয়। প্রবল বর্ষণে বিশেষত কাঁচা বাড়িতে বসবাসকারী মানুষেরা দারুণ সমস্যার মুখোমুখি হয়েছেন। এই পরিস্থিতিতে বর্ধমান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুরমাতা সিমরান বাল্মীকি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় শুক্রবার ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলের একাধিক পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘসময় টানা বৃষ্টি হওয়ায় ওদের কাঁচা মাটির বাড়িগুলোর ছাদ চুঁইয়ে জল পড়ছে এবং দেওয়াল ভিজে যাওয়ায় থাকার জায়গায় সমস্যা দেখা দিয়েছে। কাউন্সিলরের উদ্যোগে ত্রিপল পেয়ে তারা আপাতত অনেকটাই স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন। বিশেষত এই ফলে ছোট ছোট শিশুরা এবং বৃদ্ধরা তুলনামূলক বেশী সুরক্ষিত থাকছেন। কিছু পরিবারের দাবি, আরও বেশি সংখ্যক ত্রিপল সরবরাহের আশা তাঁরা করছেন যাতে সবাই সঠিক ভাবে নিরাপদ থাকতে পারে।
কাউন্সিলর সিমরান বাল্মীকি বলেন, “বর্ষার সময় আমাদের এলাকার বহু পরিবার নানা সমস্যায় পড়েন। তাঁদের জন্য প্রশাসনের তরফে পাশে থাকার চেষ্টা করছি। এই ধরণের উদ্যোগ শুধু এবার নয়, আগামী দিনেও বিভিন্ন সময়ে চলবে। বঞ্চিত মানুষদের পাশে থেকে নানাভাবে সাহায্য করার চেষ্টা থাকবে।”
তিনি আরও বলেন, এলাকার প্রতিটি মানুষের সমস্যা নিষ্পত্তি ও সরকারের বিভিন্ন পরিষেবা যাতে প্রাপ্যরা পান, সেটা নিশ্চিত করার জন্য পুরসভার পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে। আগামীতে ত্রিপলের পাশাপাশি খাবার, ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কথাও ভাবা হচ্ছে।
প্রসঙ্গত, বর্ধমান শহরের অনেক অংশেই জল জমে যাওয়া, রাস্তা ক্ষতিগ্রস্ত, বাড়িঘর ভেঙ্গে পড়ার ঘটনা ঘটেছে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে জরুরি হেল্পলাইন খুলেছে ও দ্রুত ব্যবস্থা নিচ্ছে। এলাকাবাসীদের দাবি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন সক্রিয় উদ্যোগ তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করছে।



