প্রাণ বাঁচানোর অঙ্গীকারে এগিয়ে এলেন মূক বধির যুবক, বিষ্ণুপুরে ইতিহাসের প্রথম রক্তদান শিবির
আমার কথা, সনাতন গড়াই, কাঁকসা, ১৬ সেপ্টেম্বরঃ
রক্তের লাল ফোঁটায় ঝলসে উঠল এক নতুন অধ্যায়। রবিবার গ্রামের আকাশে সন্ধ্যার আলো নেমে আসতেই শুরু হল প্রথম সন্ধ্যাকালীন রক্তদান শিবির। যা এই অঞ্চলের ইতিহাসে একেবারেই নজিরবিহীন। এক সাহসী যুবতীর হাতে উদ্বোধন, প্রথম রক্তদাতা তিনিই। তাঁর পথ অনুসরণ করলেন মুক ও বধির এক যুবক সহ ২৩ জন রক্তদাতা। কৃষক থেকে দিনমজুর—সবার কাঁধে একটাই অঙ্গীকার প্রাণ বাঁচানোর সংকল্প। দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এই শিবিরে রক্ত সংগ্রহ করে রাজবাঁধের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ কুমার হাটি,মলানদিঘী পুলিশ ফাঁড়ির আধিকারিকরা, রক্তদান আন্দোলনের পথপ্রদর্শক রাজেশ পালিত প্রমুখ। বিষ্ণুপুর বাবা ভৈরব ফুটবল দলের পরিচালনায় এই আয়োজনে উদ্যোক্তাদের কণ্ঠে গর্ব, “এলাকার ইতিহাসে প্রথম রক্তদান শিবির। প্রথমে ভেবেছিলাম টার্গেট পূরণ হবে তো? শুরু হতেই দেখলাম উৎসাহ অভূতপূর্ব। কৃষক থেকে দিনমজুর মুক-বধির যুবক এবং যুবতী এগিয়ে এসেছে। পরের বার আমাদের টার্গেট ৫০।”



