নির্মীয়মান পাকা বাড়ির দেওয়াল ভেঙে মর্মান্তিক শিশু মৃত্যু
আমার কথা, দেবনাথ মোদক, জয়পুর, ৬ ডিসেম্বর:
বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের গড় গ্রামে নির্মীয়মান পাকা বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল তিন বছরের ফুটফুটে এক শিশুর। ঘটনায় ভেঙে পড়েছে গোটা গ্রাম, শোকসন্তপ্ত পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছর ধরে ওই এলাকায় একটি পাকা বাড়ির নির্মাণকাজ চলছে। প্রতিদিনের মতোই বাড়ির সামনে খেলছিল তিন বছরের শিশু। বাড়ির দেওয়ালে বাঁশ টাঙিয়ে রোদে শুকোতে দেওয়া হয়েছিল একটি কাঁথা। খেলতে খেলতেই শিশুটি সেই কাঁথা টানতে গেলে আচমকাই ইটের দেওয়ালটি ভেঙে শিশুটির মাথার উপর পড়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে শিশুটি।
তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিশুর মৃত্যুতে স্তব্ধ বাবা-মা, শোকে ভেঙে পড়েছে গ্রামবাসীরা।
ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন, নির্মীয়মান পাকা বাড়ির ইটের দেওয়াল এত সহজে ভেঙে পড়ল কীভাবে ? নির্মাণে গুরুতর ত্রুটি ছিল কি ? দেওয়ালের গাঁথনি যদি ঠিকঠাক থাকত, তবে কি এই দুর্ঘটনা এড়ানো যেত ? এই প্রশ্নগুলোর উত্তরই এখন খুঁজছেন মৃত শিশুর পরিবার ও স্থানীয় মানুষজন।



