৪ মাস ধরে পাচ্ছেন না বেতন, কর্মবিরতির ডাক বিদ্যুৎকর্মীদের
আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ২১ এপ্রিলঃ
বিগত ৪ মাস বেতন না পাওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন বিদ্যুৎ বিভাগের ইন্দপুর সাবস্টেশনের কর্মীরা। সোমবার সকাল থেকে ওই সাবস্টেশনের গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচীতে যোগ দিয়েছেন তাঁরা। এই ঘটনায় ইন্দপুর ব্লক এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে অনেকে মনে করছেন।
‘কর্মবিরতি’তে অংশ নেওয়া ইন্দপুর সাবস্টেশনের কর্মীদের দাবি, আমরা এজেন্সির মাধ্যমে এখানে কাজে যোগ দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় বিগত চার মাস কোন বেতন পাইনি, বন্ধ পি.এফ./ ই.এস.আই-ও। বকেয়া বেতন দেওয়া তো দূরঅস্ত, সংশ্লিষ্ট এজেন্সি তাদের সঙ্গে যোগাযোগও করেনি বলে তাঁরা দাবি করেন। এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট হলে তা কীভাবে সমাধান হবে,তা নিয়ে উদ্বেগে এলাকার গ্রাহকেরা। গ্রাহকদেরও দাবি, দ্রুত এই সমস্যা সমাধানের।



