ছেলেকে ট্রেনে তুলতে গিয়ে সেই ট্রেনেই কাটা পড়ে মৃত্যু বাবার
আমার কথা, দুর্গাপুর, ১৬ জুন:
ছেলেকে ট্রেনে তুলতে গিয়ে নিজে সেই ট্রেনেই কাটা পড়ে মারা গেলেন বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশনে।
দুর্গাপুরের সিটিসেন্টারের সুকান্ত পথ এলাকার বাসিন্দা বিদ্যুৎ বিশ্বাস(৫২)। বিদ্যুৎবাবু পেশায় একজন শিল্পী ছিলেন। বিদ্যুৎবাবুর ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করছে। রবিবার সন্ধ্যেবেলা ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে তুলতে যান বিদ্যুৎবাবু।
বিদ্যুৎ বাবুর শ্যালক তপন মন্ডল জানান, “ট্রেনে ছেলেকে বসিয়ে দিয়ে তিনি যখন ট্রেন থেকে নামতে যান ততক্ষণে ট্রেন চলতে শুরু করে দেয়। তিনি প্রথমে প্ল্যাটফর্মে পড়ে যান, তারপর ট্রেনের নিচে ঢুকে যান। দুটি পা কাটা পড়ে। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানেই তাঁর মৃত্যু হয়”।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।



