জয়েন্ট বিডিও-র গাড়িতে আগুন, চাঞ্চল্য
আমার কথা, ১৬ ফেব্রুয়ারী
সার্থক কুমার দে, দুর্গাপুর:
বিডিও অফিসের বাইরে দাঁড় করানো জয়েন্ট বিডিওর চার চাকা গাড়িতে আগুন লাগার ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। রবিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) বিডিও অফিস সংলগ্ন এলাকাতে। ঘটনা সূত্রে জানা যায় রবিবার দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসের উল্টোদিকে পি এইচ ই দপ্তরের বাইরে চার চাকার গাড়িটি রেখে নিজের দপ্তরে যান জয়েন্ট বিডিও সঞ্জয় মন্ডল। রাত ন’টা নাগাদ দপ্তর থেকে বের হয়ে দেখেন গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। ঘটনাটি দেখে এগিয়ে আসে স্থানীয়রা। তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। জয়েন্ট বিডিও সঞ্জয় মন্ডল বলেন বিডিও অফিসে এসআইআর এর কাজ চলছে। ভিড়ের কারণে তিনি গাড়িটি অফিস সংলগ্ন পি এইচ ই দপ্তরের বাইরে রেখেছিলেন। এমন ঘটনা ঘটায় তিনি হতবাক বলে জানান। আগুন লাগার কারণে গাড়িটির পাশাপাশি ক্ষতি হয়েছে তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্রেরও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যান্ত্রিক ত্রুটিতে গাড়িতে আগুন লেগেছে ! না এর পেছনে রয়েছে অন্য কোন কারণ? তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে সোমবার সকালে জানান এক পুলিশ আধিকারিক।



