দুর্গাপুরে হাসপাতালে চললো গুলি, আতঙ্কে চিকিৎসক থেকে রোগীরা
আমার কথা, দুর্গাপুর, ১৯এপ্রিলঃ
হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর পরিবারের বচসার মাঝে চললো গুলি আর এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়লো দুর্গাপুরের শোভাপুর এলাকায়। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দিন চারেক আগে পথ দুর্ঘটনায় আহত হন অঙ্গদপুর এলাকার বাসিন্দা বাসুদেব পাল(৫৩)। দুটি হাসপাতাল ঘুরে ভর্তি হয়েছিলেন শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এক স্নায়ু রোগ বিশেষজ্ঞ বাসুদেববাবুর চিকিৎসা করছিলেন। রোগীর পরিবারের অভিযোগ, দুদিন পেরিয়ে গেলেও রোগীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। শুক্রবার রোগীর পরিবার ওই চিকিৎসকের সাথে দেখা করতে চান। হআসপাতালের পক্ষ থেকে রোগীর পরিবারের দুই থেকে তিনজনের বেশি কারোর সাথে দেখা করতে রাজী হয়না। তা নিয়ে নিয়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সাথে বচসা বাধে। তারই মাঝে রোগীর পরিজনদের পক্ষ থেকে একজন আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে শূণ্যে দুই রাউন্ড গুলি চালায়। যদিও প্রতক্ষ্যদর্শীরা জানান তিন রাউন্ড গুলি চলেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিজোন ফাঁড়ি ও দুর্গাপুর থানার পুলিশ। গ্রেফতার করে চারজন ব্যাক্তিকে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। দুই রাউন্ড কার্তুজের খোল মিলেছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্বে আসে। এলাকায় এখনো মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
এসিপি(দুর্গাপুর) সুবীর রায় জানান, “আমাদের এক পুলিশ কর্মীর গায়েও হাত দিয়েছে রোগীর পরিজনরা। তা নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে। আমরা যথাযথ ব্যবস্থা নেবো”।



