BREAKING! বেসরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, ১৫ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর::
ফের শিরোনামে দুর্গাপুরের আই কিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। কলেজের হোস্টেলের বাথরুম থেকে এক প্রথম বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। তিনি বিহারের পাটনার বাসিন্দা এবং এই মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে ছেলেকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে পারেননি তাঁর বাবা। এরপর তিনি ছেলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। বন্ধুরা হোস্টেলের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় ছাত্রটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। মৃত ছাত্রের বাবা অনিল কুমারের অভিযোগ, দূর রাজ্য থেকে অভিভাবকেরা সন্তানের পড়াশোনার জন্য অর্থ পাঠান। কলেজের ভেতরের নিরাপত্তা, তদারকি ও দায়িত্ব কলেজ কর্তৃপক্ষেরই। কিন্তু এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, চার-পাঁচ দিন আগে পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছিল। ছেলে পড়াশোনায় স্বাভাবিক ও মনোযোগী ছিল। কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় তাকে মাত্র ৫ নম্বর দেওয়া হয়, যেখানে অন্য বিষয়গুলিতে সে ভালো নম্বর পেয়েছিল। তাঁর মতে, এত কম নম্বর দেওয়ার বিষয়টি অধ্যক্ষের নজরে আনা উচিত ছিল। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



