স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী
আমার কথা, দেবনাথ মোদক, জয়পুর, ৬ ডিসেম্বর:
বাঁকুড়ার জয়পুর থানার ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের আশুরালী গ্রামের পূর্বপাড়ায় আজ সকালে ঘটে গেল রোমহর্ষক হত্যাকাণ্ড। বাড়ির ভিতর থেকে একসঙ্গে দম্পতির দেহ উদ্ধার হতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলক মন্ডল (৫৪) আগে থেকেই পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। শুক্রবার রাতে আচমকাই স্ত্রী মুক্তা মন্ডল (৫০) কে আলু কাটার বটি দিয়ে নির্মমভাবে কোপায় বলে অভিযোগ। তারপর নিজেই ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
সকালবেলা ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্যদের। দরজা ভেঙে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মুক্তা মন্ডলের নিথর দেহ, আর ফাঁস লাগানো অবস্থায় অলক মন্ডলের ঝুলন্ত দেহ। দম্পতির দুই মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকেন।
পরিবারের দাবি, পারিবারিক অশান্তির জেরে মাথা গরমের মুহূর্তে স্ত্রীকে হত্যা করেন অলক, এরপর নিজের জীবনও শেষ করে দেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ও আতঙ্ক।
খবর পেয়ে জয়পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গোটা এলাকায় এখনো প্রবল উত্তেজনা স্থানীয় মানুষের মুখে একটাই প্রশ্ন, কীভাবে এমন ভয়াবহ পরিণতি হল শান্ত স্বভাবের এই দম্পতির ?



