চিনাকুড়ি থেকে গ্রেপ্তার শ্রমিক সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল
আমার কথা, আসানসোল, ১১ জুলাইঃ
চিনাকুড়ি কয়লাখনিতে কয়লা উত্তোলন বেসরকারি সংস্থায় স্থানীয়দের চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে ‘সমস্ত গ্রাম কমিটি’ নামে এক সংগঠন। সেখানে কুলটি থানা পুলিশের সঙ্গে গ্রাম কমিটির সদস্যদের বচসা বাঁধে। গ্রামবাসীদের অভিযোগ যে এরপর কুলটি থানার পুলিশ লাঠি চার্জ করে এবং শ্রমিক সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল সহ ৫ জনকে আটক করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়। লাঠিচার্জ এবং ৫জনকে আটক করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নিয়ামতপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখায় গ্রাম কমিটির সদস্যরা। বিক্ষোভের জেরে ৪জনকে গতকাল রাত্রেই ছেড়ে দেয় পুলিশ এবং নেত্রী সুদীপ্তা পালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রের খবর যে সুদীপ্তা পালের নামে চিনাকুড়ি কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে এক অভিযোগ করা হয় চলতি মাসের ৮ তারিখে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সরকারি কাজে বাধা দেওয়ার। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুর ১টায় তাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়েছে।
সূত্র মারফত জানা গেছে সুদীপ্তা পাল হচ্ছেন ইসিএল এর ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন নেত্রী। রাজ্যের বিভিন্ন জেলায় তার সংগঠন ঠিকা শ্রমিকদের নিয়ে আন্দোলন করে এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে প্রায় এক বছর আগে সুদীপ্তা পালের বাড়ি কুলটির ডিসেরগড় এলাকায় কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ এনআইএ অভিযান চালিয়েছিল, যাতে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়।



