ক্ষমতায় এলে বিকশিত বাংলার ‘গ্যারান্টি’ দিলেন মোদি
আমার কথা, দুর্গাপুর, ১৮ জুলাই:
অগ্রগতির মাঝে বাধা হয়ে রয়েছে তৃণমূল। তাই তৃণমূল হারলে বাংলায় প্রকৃত পরিবর্তন আসবে। শিল্প হবে, হবে কর্মসংস্থান। বিজেপি ক্ষমতায় এলে “বিকশিত বাংলার” গ্যারান্টি দিলেন মোদি।
সরকারি প্রকল্পের শিলান্যাস ও দলীয় জনসভায় যোগ দিতে শুক্রবার দুর্গাপুর আসেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদি। বিহারে জনসভা শেষে এদিন দুপুরে বিশেষ বিমানে অন্ডাল বিমানবন্দরে আসেন তিনি। বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষে তাকে স্বাগত জানান রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক। এরপর সড়কপথে পৌঁচ্ছান দুর্গাপুর। প্রধানমন্ত্রীকে দেখতে ও স্বাগত জানাতে রাস্তার দু’ধারে বিজেপি কর্মী ও উৎসাহী মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুর পৌঁছে প্রথমে সরকারি শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন তিনি। ৫৪০০ কোটি টাকার পেট্রোল, গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ, সড়ক, রেল ওভারব্রিজ সহ ৮ টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এরপর তিনি যোগ দেন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে বিজেপির দলীয় জনসভাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী, লকেট চ্যাটার্জি সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। এই দিনের জনসভাতে প্রায় ৪০ মিনিট ভাষণ দেন মোদি। বক্তৃতা শুরু করেন বাংলা ভাষাতে। বলেন বড়দের প্রণাম, ছোটদের ভালবাসা জানাই। এরপরই তিনি জয় মা কালী জয় দুর্গার নামে ধ্বনি দেন। স্মরণ করেন শ্যামাপ্রসাদ মুখার্জী, বিধান চন্দ্র রায়, দ্বারকানাথ ঠাকুরের নাম। বলেন এরা বাংলার অগ্রগতির রূপকার ছিলেন। এক সময় পশ্চিমবাংলা ছিল দেশের কর্মকাণ্ডের কেন্দ্র। দুর্গাপুর সহ বাংলাতে ছিল প্রচুর কলকারখানা। কাজের খোঁজে অন্যান্য রাজ্য থেকে শ্রমিক আসতো বাংলাতে। এরপরে তিনি বলেন এখন বাংলায় উল্টো চিত্র। কলকারখানা বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থান নেই। শিল্পপতিদের অনিহা রয়েছে বাংলাতে বিনিয়োগ করতে। কর্মসংস্থান না থাকাই এখন বাংলার যুবকরা অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। এর জন্য রাজ্যের বর্তমান তৃণমূল সরকার দায়ী বলে দাবি করেন তিনি। এছাড়াও রাজ্যে মহিলাদের উপর নির্যাতন, অনুপ্রবেশের সমস্যার কথা তুলে ধরেন তিনি। বলেন রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। অপরাধীদের সাজা দেওয়ার পরিবর্তে তৃণমূল সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে বলে অভিযোগ করেন মোদি। পাশাপাশি বলেন বাংলার সরকার তুষ্টিকরণের সরকার। তাই মুর্শিদাবাদে দাঙ্গা হয়। ভোটের স্বার্থে তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
শেষের দিকে তিনি বলেন বাংলার মানুষ পরিবর্তন চাইছে। তৃণমূল বিদায় হলে বাংলায় প্রকৃত পরিবর্তন আসবে। সুশাসন প্রতিষ্ঠা হবে, বিনিয়োগ আসবে। কলকারখানা গড়ে উঠবে বাড়বে কর্মসংস্থান। উদাহরণ হিসেবে তিনি বলেন আসাম, ত্রিপুরা, উড়িষ্যায় অনেক দেরিতে ক্ষমতায় এসেছে বিজেপি। বিজেপির শাসনকালে অল্প দিনের মধ্যেই ঐ রাজ্যগুলি বিকশিত রাজ্যে পরিণত হয়েছে। পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এলে বিকশিত বাংলা হবে এটা মোদির গ্যারান্টি বলে জানান তিনি।



