BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
আমার কথা, ২৪ ফেব্রুয়ারী
মুনমুন দত্ত, অন্ডাল:
অন্ডাল থেকে গ্রেফতার হলেন ঝাড়খন্ডের গিরিডি পুরসভার সদ্য প্রাক্তন পুরপিতা। বিমানবন্দর থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার ছিল গিরিডি পুরসভার নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ঝামেলা বাধে। সেই ঝামেলার মাঝে আচমকাই ১৮ নং ওয়ার্ডের ঝাড়খন্ড মুক্তি মোর্চার সদ্য প্রাক্তন পুরপিতা শিবম শ্রীবাস্তব গুলি চালিয়ে দেন। তাতে জখম হন দুজন বিরোধী পক্ষের সমর্থক। ঘটনার জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিষয়টি সাম্প্রদায়িক অশান্তির আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পাচাম্বা থানার বিশাল পুলিশবাহিনী। এদিকে অবস্থা বেগতিক বুঝে গা ঢাকা দেন অভিযুক্ত শিবম শ্রীবাস্তব। ওদিকে পাচাম্বা থানার পুলিশ গোপন সুত্রে খবর পায়, অভিযুক্ত শিবম দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। সেই মতো তারা অন্ডাল থানার পুলিশকে পুরো বিষয়টি জানায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় অন্ডাল বিমানবন্দর থেকে তাঁকে অন্ডাল থানার পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে অন্ডাল থানার পুলিশ। এর পরে পাচাম্বা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিবম শ্রীবাস্তবকে। সাথে গ্রেফতার করা হয় কুলটি থানার সীতারামপুরের বাসিন্দা সমীর খান নামে এক গাড়ির চালককেও।
প্রসঙ্গত: এর আগেও এই শিবম শ্রীবাস্তবের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে। এমনকি সেই ঘটনার পরেও সে গা ঢাকা দিয়েছিল। এরপর ব্যাংকক থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।



