ভেঙ্গে পড়লো খনি আবাসনের সিলিং এর একাংশ, আতঙ্ক
আমার কথা, লাউদোহা, ২৬ জুলাইঃ
ভেঙ্গে পড়ল খনি আবাসনের ছাদের সিলিং এর একাংশ শনিবার ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইসিএলের ঝাঁঝরা এরিয়ার ৩/৪ নম্বর কোলিয়ারী খনি আবাসনে। আবাসিকরা জানান এই দিন বেলা ১১ টা নাগাদ আচমকা ছাদের সিলিং এর একাংশ ভেঙ্গে পড়ে। আবাসিক গৌতম বাদ্যকর বলেন দোতলা খনি আবাসন গুলি পুরনো। দীর্ঘদিন সংস্কারের কাজ হয়নি। ফলে আবাসন গুলি বিপজ্জনক হয়ে উঠেছে। বিষয়টি আধিকারিকদের জানানোর পরেও কাজ হয়নি । সেই আবাসনেই পরিবার নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছে খনি শ্রমিকরা । অবিলম্বে সংস্কারের কাজ না করলে অদূর ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিনের ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট কোলিয়ারির কোন আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।



