বাইকের মডিফায়েড সাইলেন্সার পাইপের বিক্রি রুখতে পুলিশী অভিযান দোকানে
আমার কথা, ২০ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দীর্ঘদিন ধরে দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায় মোটর পার্টসের একাধিক দোকানের বিরুদ্ধে অভিযোগ উঠছিল অবৈধভাবে পরিবর্তিত ও উচ্চ শব্দযুক্ত সাইলেন্সার পাইপ বিক্রি করা হচ্ছে। এই ধরনের সাইলেন্সার ব্যবহার করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে একাংশ বাইক আরোহী, যার ফলে বাড়ছে শব্দ দূষণ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। সাধারণ মানুষের ক্ষোভও জমছিল দিন দিন।অভিযোগের মডিফায়ভিত্তিতেই বৃহস্পতিবার আচমকা অভিযান চালায় দুর্গাপুর ট্রাফিক পুলিশ ও সাব-ট্রাফিক বিভাগের আধিকারিকরা। ট্রাঙ্ক রোডের একাধিক মোটর পার্টসের দোকান ও তাদের গোডাউন খতিয়ে দেখা হয়। বিশেষভাবে নজর দেওয়া হয় বেআইনি ও পরিবর্তিত সাইলেন্সার পাইপের মজুতের ওপর।
পুলিশ সূত্রে খবর, কয়েকটি দোকানে সন্দেহজনক সাইলেন্সার পাওয়া যায়। দোকান মালিকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয় এবং ভবিষ্যতে কোনওভাবেই অবৈধ সাইলেন্সার বিক্রি না করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়। আইন ভাঙলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ওসি ট্রাফিক সুকান্ত দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ট্রাফিক বিভাগের তরফে স্পষ্ট বার্তা অবৈধ ও উচ্চ শব্দযুক্ত সাইলেন্সার এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। শব্দ দূষণ রুখতে ও সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।



