বেহাল জাতীয় সড়কে গর্ত ঢাকা হচ্ছে জোড়া তাপ্পি দিয়ে
আমার কথা, অন্ডাল, ২০ জুলাই:
বেহাল অবস্থা ১৯ নম্বর জাতীয় সড়কের টপ লাইন মোড়। রাস্তার বড় অংশ জুড়ে পাথর পিচ ওঠে যেখানে সেখানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এক পসলা বৃষ্টি হলেই সেই সব গর্তগুলি আকার নেয় জলাশয়ের। ফলে দ্রুতগতির জাতীয় সড়কের এই অংশে এসে যে কোনো গাড়ির গতি শ্লথ হয়ে যায়। আবার দ্রুতগতির গাড়ির চাকা অনেক সময় পড়ে যায় জলভর্তি গর্তে। ফলে ঘটছে দুর্ঘটনা। জাতীয় সড়কের এমন হাল দেখে ক্ষুব্ধ চালকরা। রাস্তা মেরামতি দাবিতে সরব হয়েছে অনেকেই। মানুষের ক্ষোভ আঁচ করে সড়ক মেরামতি শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গর্তগুলি ঢাকা হচ্ছে ছোট ছোট ইঁটের টুকরো আর ফ্লাই অ্যাশ দিয়ে। মেরামতির পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন। লরি বাস চালকদের অভিযোগ আপাত দৃষ্টিতে গর্ত গুলি দেখা না গেলেও সামান্য বৃষ্টি হলেই ফ্লাই অ্যাশ গড়িয়ে ইঁটের টুকরো বের যাবে। তাছাড়া বৃষ্টির জলে ভিজে ফ্লাই অ্যাশ পিচ্ছিল হবে। তাতে রাস্তা আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে জানান তারা। কেন পাথর পিচ দিয়ে গর্ত ঢাকা হচ্ছে না ? এ ব্যাপারে প্রশ্ন করলে কর্মরত এক শ্রমিক বলেন আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই ভাবে কাজ করছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন বর্ষা শেষে পাকাপাকিভাবে সংস্কারের কাজ হবে। আপাতত দুর্ঘটনা এড়াতে গর্তগুলি এই পদ্ধতিতে ভরাট করা হচ্ছে বলে জানান তিনি।



