সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু কাঁকসার এক প্রবীন তৃণমূল কর্মীর
আমার কথা, কাঁকসা, ২১ জুলাই:
ধর্মতলায় শহীদ দিবসের সভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবীণ তৃণমূল সমর্থকের। মৃত ওই তৃণমূল সমর্থকের নাম মধুসূদন পাল। ৭২ বছর বয়সী মধুসূদন পালের বাড়ি কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিহিবেতা গ্রামে। সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে বাসে করে ফেরার সময় বাসটি নবাবহাট এলাকায় রাস্তার ধারে দাঁড়ালে মধুসূদনবাবু রাস্তার অপরপ্রান্তে একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে রাস্তা পার হতে যান। সেই সময় কলকাতা থেকে দুর্গাপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মধুসূদন বাবুর। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কের ওপর যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তড়িঘড়ি বর্ধমান থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। প্রবীণ ওই তৃণমূল সমর্থকের মৃত্যুর খবর কাঁকসায় তার গ্রামে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।



