কেন্দ্রীয় প্রকল্পের সেলাই মেশিন দেওয়া হল বিজেপি কার্যালয় থেকে, রাজনৈতিক তরজা শিল্পাঞ্চলে
আমার কথা, দুর্গাপুর, ১৮ জুন:
প্রান্তিক এলাকার মহিলাদের আত্মনির্ভর করতে কেন্দ্রীয় খাদি মন্ত্রকের উদ্যোগে। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেলাই মেশিন বিতরণ। বুধবার দুর্গাপুরের ৫৪ ফুট সংলগ্ন ক্ষুদিরাম মাঠে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের বিধায়ক কার্যালয় থেকে সেলাই মেশিন বিতরণ হয়। ১৫ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন বিজেপির কর্মকর্তারা। সেলাই মেশিন তুলে দিতে দেখা যায় বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের সাথে বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা সুদীপ চক্রবর্তী, মহিলা মোর্চার নেত্রী মনীষা শিকদার প্রমূখ। দেখা যায়নি খাদিমন্ত্রকের কোন আধিকারিককে। যাকে ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন,”কেন্দ্রীয় প্রকল্পের যে কোন জিনিসই ভারতবর্ষের ১৪৪ কোটি মানুষের জন্য। কিন্তু সেই প্রকল্পের সেলায় মেশিন দেওয়া হচ্ছে বিজেপি বিধায়কের কার্যালয় থেকে। আরে মেশিন গুলি তুলে দিচ্ছেন দপ্তরের কোন আধিকারিকরা নয় বিজেপির কর্মকর্তারা। আর বেছে বেছে বিজেপি কর্মীদের দেওয়া হচ্ছে সেলাই মেশিন। বোঝাই যাচ্ছে ভারতবর্ষের বিকাশ এরা চায় না। বিকাশ চায় বিজেপি কর্মীদের।”
এই বিতর্ক প্রসঙ্গে বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন,”কোন রাজনৈতিক রঙ দেখা হয়নি। প্রান্তিক এলাকার গরিব মানুষদের দেওয়া হচ্ছে অত্যাধুনিক সেলাই মেশিন। আগেই এই ১৫ জন মহিলাকে প্রশিক্ষণ দিয়েছিল খাদি মন্ত্র। সেই প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার পর আদি মন্ত্রকে নির্দেশেই লিস্ট ধরে এই সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সরকারী নিয়ম মেনেই সব কাজ করা হয়েছে। শুধু বিরোধিতা করাই তৃণমূলের কাজ।”



