মোদির সভার জেরে নষ্ট হয়েছে স্টেডিয়ামের মাঠ, ধানের চারা রোপন করে প্রতিবাদ বিধায়কের
আমার কথা, দুর্গাপুর, ১৯ জুলাইঃ
শুক্রবার দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা করার জন্য তৈরি করা হয়েছিল মঞ্চ, এছাড়াও স্টেডিয়ামের মাঠটি বাঁশ, কাঠ পুঁতে কোথাও মাটি ফেলে সভার পরিপন্থী পরিস্থিতি তৈরি করা হয়। এরই মাঝে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের জেরে মাথের কোথাও প্রচন্ড কাদা আবার কোথাও জমেছে প্রচুর জল। ফলে ওই মাঠটি আপাতত আর খেলার যোগ্য রইল না বলে দাবি করেছে তৃণমূল। এরই প্রতিবাদ স্বরূপ শনিবার স্টেডিয়ামের মাথে জমা জলে ধানের চারা রোপন করলেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “নেহেরু স্টেডিয়াম একটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম। এখান থেকে খেলে অনেক খেলোয়াড় নাম করেছে। এখানে সন্তোষ ট্রফির খেলা হয়েছে। সেই মাঠে প্রধানমন্ত্রীর সভা করে পুরো মাঠটিকে নষ্ট করে দিলো বিজেপি। এই স্টেডিয়াম বাদে বাইরে সভা করার মতো আরো অনেক মাঠ ছিল। তাই আজ প্রতিবাদ জানাতে ধানের চারা রোপণ করলাম। অবিলম্বে মাথ ঠিক না হলে আমরা বড় আন্দোলনের পথে পা বাড়াবো”।
বিজেপি জেলা সাধারন সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, “গতকাল সবে সভা হয়েছে। আমরা এখনো মা্ঠে পড়ে আছি সব ঠিক করতে। আসলে মোদির সভায় এত জনপ্লাবনে ওনার রাতে ঘুম হয়নি। এর মধ্যেই সকাল হতে উনি মাঠে ধান লাগাতে চলে এসেছেন। পান্ডবেশ্বরে উনি কি উন্নয়ণ করেছেন দেখান সেটা। আসলে মোদির নিন্দা করে উনি দিদির গুড বুকে থাকতে চাইছেন”।



