পুতুলের কাপড় দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার দর্জি
আমার কথা, ছাতনা, ২ জুন:
সংবাদদাতাঃ দেবনাথ মোদক
এক দর্জির লালসার শিকার এক নাবালিকা। ছাতনা থানা এলাকার ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশের পক্ষ থেকে সোমবার শেখ আহিয়া নামে ওই অভিযুক্তকে বাঁকুড়া আদালতে তোলা হলে, বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর,রবিবার দুপুর নাগাদ বাড়ির সকলে যখন ঘুমিয়েছিলেন তখন বছর সাতেকের ওই নাবালিকাকে পাড়ারই এক দর্জি পুতুলের কাপড় দেওয়ার লোভ দেখিয়ে দোকানে ডাকেন। পরে দোকানের সাটার নামিয়ে ভিতরে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরে ওইদিনই নাবালিকার পরিবারের তরফে ছাতনা থানায় দর্জি শেখ আহিয়ার নামে লিখিত অভিযোগ দায়ের হয়। ওই রাতেই পুলিশ অভিযুক্তে গ্রেফতার করে। নিগৃহীতার পরিবারের সদস্যদেরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, এদিন ছাতনা থানার পক্ষ থেকে অভিযুক্তকে বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চলছে।



