সাত সকালে জাতীয় সড়কে দুটি লরির সংঘর্ষ, জখম ১
আমার কথা, পানাগড়, ২৭ জুলাইঃ
দাঁড়িয়ে থাকা লরির পিছনে অন্য একটি লরির ধাক্কায় আহত হলো এক লরি চালক।ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কাঁকসার বিরুডিহার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দুর্গাপুর গামী রাস্তায়। স্থানীয়রা জানিয়েছেন,একটি দেওয়ালে রং করার জন্য রঙের সরঞ্জাম বস্তা বোঝাই করে একটি লরি কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। লরিটি বিরুডিহার কাছে এলে সেই সময় একটি চাকা আচমকাই ফেটে যায়। চালক ও খালাসী লরি থেকে নেমে চাকা বদলাচ্ছিল। সেই সময় কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে অপর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই লরির পেছনে ধাক্কা মারে। পরে রাস্তা থেকে মাঠের মধ্যে নেমে যায়। দাঁড়িয়ে থাকা লরির চালক অল্প বিস্তর আহত হয়। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে হাসপাতালে পাঠায়। অন্যদিকে দুর্ঘটনার পরই পিছনের লরির চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি লরিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।



