ডাক্তারের স্টিকার লাগানো গাড়িতে মাদক পাচার করতে গিয়ে শ্রীঘরে ৩
আমার কথা, বুদবুদ, ৭ জুলাই:
গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে গাঁজা আটক করল বুদবুদ থানার পুলিশ। আটক করা হয়েছে একটি ছোট গাড়ি। এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন।
ধৃতরা হলো বাবু শেখ(ব্যবসায়ী), হাবিবুল শেখ(গাড়ির মালিক), কামালউদ্দিন শেখ (চালক)। সকলেরই বাড়ি মুর্শিদাবাদের সালার শেখ পাড়ায়।
সোমবার ধৃত তিন জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে বুদবুদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাত্রে ডাক্তারের স্টিকার লাগানো একটি ছোট গাড়িতে করে উড়িষ্যা থেকে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল তিনজন। বুদবুদের মানকর রোড ধরে তারা আউসগ্রাম হয়ে যাওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মানকর কলেজ সংলগ্ন এলাকায় পুলিশ ওই গাড়িটিকে আটকে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসঙ্গতি দেখে গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তার সন্ধান শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।
কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযানে নামে। অভিযানে নেমে মানকর এলাকায় গাড়িটিকে আটকে তল্লাশি চালিয়ে প্রায় তিরিশ কেজির উপর গাঁজা উদ্ধার হয়। ৩জনকে গ্রেফতার করা হয়। এরা সকলেই সালার এলাকার বাসিন্দা। ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ধৃতদের।



