দুর্গাপুরের সিনার্জিতে ব্যাপক সাড়া, ৪, ৬৫০ কোটি বিনিয়োগের প্রস্তাব
আমার কথা, দুর্গাপুর, ১৯ ডিসেম্বরঃ
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে দক্ষিণবঙ্গের দুটি জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি এল বৃহস্পতিবারের বিজনেস সিনার্জি থেকে। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কয়েকশো শিল্পপতির উপস্থিতিতে অনুষ্ঠিত হল ২০২৪ সালের এই শিল্প সমাবেশ। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এদিনের শিল্প সামিটের। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক এস, পোন্নমবলম, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রানী এ, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারপার্সন কবি দত্ত, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুই জেলার প্রশাসনিক আধিকারিকরা সহ বিভিন্ন ব্যাংকের আধিকারকগণ।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, রাজ্য সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস (এমএসএমই) দফতরের উদ্যোগে আয়োজিত সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ ২০২৪-এর এই বাণিজ্য সম্মেলন থেকে শিল্পের সমাধানে এই এম এস এম ই শিবির, ২৪- ২৫ আর্থিক বছরে শিল্প উন্নতির স্বার্থে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৭, ৩৭১ কোটি টাকা ব্যাংক গুলি ঋণ প্রদান করেছে। এই অর্থ বর্ষে এই দুই জেলার ৫৮ টি ইউনিট বাংলাশ্রীর অধীনে উপকৃত হয়েছে। এদিনের মঞ্চ থেকে বিভিন্ন শিল্পপতি দের কাছ থেকে ৪, ৬৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। তিনি আরো বলেন, এই সিনার্জি কনক্লেভের মাধ্যমে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলার কয়েকশো উদ্যোগপতি নতুন করে বিনিয়োগে উৎসাহিত হবেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে প্রতিটি জেলাতেই ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। এদিনের মঞ্চ থেকেই ক্ষুদ্র এ অতিক্ষুদ্র শিল্প স্থাপনে আগ্রহী শিল্পোদ্যোগীদের হাতে ব্যাঙ্ক ঋণের চেক প্রদান করা হয়।




