যুবকের রহস্যমৃত্যু, যমজ বোনেদের নিরুদ্দেশ্যের ঘটনায় রয়েছে যোগ?
আমার কথা, পান্ডবেশ্বর, ২ ডিসেম্বর:
কুমারডিহি গ্রামে নিখোঁজ হয় নাবালিকা দুই যমজ বোন। সোমবার ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রতিবেশী এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। দুটি ঘটনায় কোথাও যোগসূত্র থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
রবিবার সকালে কুমারডিহি গ্রামের বাউরি পাড়ার চতুর্থ শ্রেণীর ছাত্রী দুই যমজ বোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। শেষবার তাদের দেখা যায় কুমারডিহি উদয়ন সংঘ মাঠে। আজ সোমবার সেই মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উজ্জ্বল বাউরী (৩৫) নামে প্রতিবেশী এক যুবকের মৃতদেহ। মৃত উজ্জ্বল নিখোঁজ দুই বোনের পাশের পাড়ার বাসিন্দা বলে খবর। পুলিশ এসে উজ্জ্বল বাউরির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। উজ্জলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে জল্পনা। সে নিখোঁজ দুই বোনের পাশের পাড়ার বাসিন্দা বলে প্রতিবেশীরা জানান। গতকাল দু’জনের খোঁজে তদন্ত নেমে পুলিশ জানতে পারে দুই যমজ বোনকে শেষবার দেখা গেছে উজ্জ্বলের মৃতদেহ আজ যেখানে উদ্ধার হয়েছে সেই কুমারডিহি উদয়ন সংঘ মাঠে। সকালে মাঠে আসা বেশ কয়েকজন ওই যমজ বোনকে মাঠের স্টেজে খেলতে দেখেওছিল বলে জানান। প্রত্যক্ষদর্শীদের মধ্যে এক যুবক বলেন মেয়ে দুটিকে খেলতে দেখেছি। সেই সময় মাঠে উজ্জ্বল ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক বলেন আমি বাড়ি চলে গেলেও উজ্জ্বল মাঠেই রয়ে যায় সেই সময়। যমজ বোনের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে উজ্জলের ভূমিকায় তাই প্রশ্ন চিহ্ন রয়েছে। সোমবার সকালে একই জায়গা থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হওয়ায় ঘটনাটিতে আরও কৌতুহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। দুটি ঘটনায় কোথাও যোগসূত্র থাকতে পারে বলে ধারণা তাদের।
পুলিশ জানায় দেহটি ময়নাতন্ত্রের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে যুবকের মৃত্যুর কারণ। দুটি ঘটনাতে কোন সূত্র আছে কিনা তাও দেখা হবে বলে থানা সূত্রে খবর।



