ঈদের সকালে চন্ডিদাসে ‘বিতর্কিত’ ব্যানার ঘিরে রাজনৈতিক তরজা
আমার কথা, দুর্গাপুর, ৩১ মার্চঃ
আজ ঈদ আর তাঁর আগের দিন সাম্প্রদায়িক শ্লোগান লেখা পোস্টার ও ব্যানারকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের চন্ডিদাস এলাকায়।
সোমবার সকাল হতেই দেখা গেল চন্ডিদাস বাজারের রোটারির গায়ে ব্যানার টাঙানো রয়েছে আর তাতে লেখা রয়েছে ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬শে বিজেপিকে চাই’। রাতের অন্ধকারে এই ধরনের ব্যানার পড়ে আর রাত পেরোতেই বিষয়টি নজরে আসতে শুরু হয় তুমুল রাজনৈতিক তরজা। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের শ্লোগান দিতে শোনা যাচ্ছে বিজেপির মিছিল থেকে। আর তারপরেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে।
এ বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বলেন, “ধর্ম নিয়ে খেলা করাই এদের কাজ। তবে মানুষ অত বোকা নয়। এরা যদি ভাবে ধর্ম ধর্ম খেলা দিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে তাহলে এরা মূর্খের স্বর্গে বাস করছে।
অন্যদিকে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, “একটি বিশেষ সম্প্রদায়ের মানুষদের গুরুত্ব দিয়ে রাজ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে শাসকদল। তারই প্রতিবাদে মানুষ পথে নেমেছে।”



