চলে গেলেন এনআইটি (দুর্গাপুর)-র অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক
আমার কথা, দুর্গাপুর, ২১ এপ্রিলঃ
চলে গেলেন দুর্গাপুরের ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনলজির অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। আজ অর্থাৎ সোমবার সকালে দিল্লির হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে কলেজে।
প্রসঙ্গতঃ গত ১৫ এপ্রিল এনআইটিতে থার্মিট ওয়েলডিং নিয়ে গবেষণা করার সময় বিস্ফোরনে ইন্দ্রজিৎ বসাক ও আকাশ মাঝি নামে এক ছাত্র ঝলসে যান। তাঁদের তড়িঘড়ি গান্ধীমোড়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ইন্দ্রজিৎবাবুর শরীরের প্রায় ৬০-৭০ শতাংশ পুড়ে গিয়েছিল (সফদরজং হাসপাতাল সুত্রে জানা যায়)। এরপর সেদিনই রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু এই লড়াই আর তিনি চালিয়ে নিয়ে যেতে পারলেন না। আজ সকাল ৭ট নাগাদ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
সিটিসেন্টারের রিকল পার্কের বাসিন্দা ইন্দ্রজিৎ বসাক এনআইটি থেকেই পরাশুনা করেছেন। ১৯৮৪ সালে তিনি এনআইটিতে কাজে যোগ দেন। বর্তমানে তিনি এখানে সিনিয়র অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মাঝে কিছু সময় তিনি ভারপ্রাপ্ত ডিরেক্টরের দায়িত্বও সামলে ছিলেন। চলতি বছরের ডিসেম্বর মাসে তাঁর অবসর গ্রহণের কথা ছিল। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।



