দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন জঙ্গলে মিলল পচাগলা ঝুলন্ত দেহ
আমার কথা, দুর্গাপুর, ২৭ মে:
পচা গলা মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকালে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন জঙ্গলে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। মৃতের দেহটি মাটিতে ঠেকে গেছে। দেহ পচে গলে গেছে। সর্বাঙ্গে পোকা ধরেছে।
স্থানীয় বাসিন্দা কৃষ্ণা রায় জানান, ওই জঙ্গলের ধারে একটি ফাটা পাইপের জলে স্নান করেন মহাবিদ্যালয় সংলগ্ন বস্তির বেশ কিছু ছেলে। অন্যদিনের মতো তারা যখন আজও স্নানে যায় তখন মৃতদেহটি দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে এটি আত্মহত্যা নাকি খুন তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।



