বিজেপির সাথে আঁতাত? তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে ডিপিএলে পোস্টার
আমার কথা, দুর্গাপুর, ২৫ জুনঃ
এক তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে পোস্টার পড়লো আর সেই পোস্টারকে ঘিরে বেশ অস্বস্তিতে পড়লো তৃণমূল শ্রমিক সংগঠন। যদিও এটি বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করছে ঘাস ফুল শিবির।
বুধবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের সামনে উজ্জ্বল দাস নামে তৃণমূলের এক শ্রমিক নেতার বিরুদ্ধে পোস্টার পড়ে। সেই পোস্টারে শ্রমিক নেতা হয়েও শ্রমিক স্বার্থে লরাই না করে ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করা সহ বিজেপির সাথে এই নেতার ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও উজ্জ্বল দাসের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “বিরোধীরা পায়ের তলার জমি হারাচ্ছে। তাই তাঁরা এখন এভাবে আমাদের বদনাম করার জন্য এসব চক্রান্ত করেছে।” প্রসঙ্গতঃ এই উজ্জ্বল দাস একসময় ডিপিএলের তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক ছিলেন।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন এর সাথে কোনভাবেই যুক্ত নয়। এসব ভিত্তিহীন অভিযোগ করে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে শাসকদলের শ্রমিক সংগঠনের নেতারা।
এদিকে, এই পোস্টারের বিষয়ে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, “এই পোস্টারের বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টির খোঁজ নিচ্ছি। কে বা কারা এই পোস্টার দিয়েছে আর কেনই বা এই পোস্টার দেওয়া হয়েছে সেই বিষয়ে পুলিশ খতিয়ে দেখা তদন্ত করবে বলে আমি আশাবাদী।”




