পাচার হচ্ছিল গরু, দুর্গাপুরে আটকালো বিজেপি কর্মীরা
আমার কথা, কাঁকসা, ২ জুলাইঃ
বুধবার দুপুর একটা নাগাদ বিজেপির একটি দল দুর্গাপুরের মুচিপাড়া থেকে ধাওয়া করে কাঁকসা বাঁশকোপা টোল প্লাজার কাছে একটি কন্টেনারকে আটকায়। কন্টেইনারের পেছন দিক খুলে দেখা যায় তার ভেতরে রয়েছে প্রায় ২০-২৫ টি গরু। এই গরু গুলি বেআইনিভাবে পাচার করা হচ্ছিল বলে তাদের অভিযোগ। চালক এবং খালাসীর কাছে বৈধ কাগজ দেখতে চাইলে, চালক এবং খালাসী বৈধ কাগজ দেখাতে পারে না। চালককে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দিতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বাঁশকোপা টোল প্লাজা সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের হাত থেকে এক কন্টেইনারের চালককে উদ্ধার করে পুলিশ।এদিন পুলিশের সামনেই কন্টেনারটিকে আটকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। পরে কাঁকসা থানার পুলিশ গরু বোঝাই কন্টেনারটিকে আটক করে। জানা গিয়েহে গরুগুলি আসানসোল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল হুগলির পান্ডুয়ার হাটে।
বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলী বলেন, “আমরা গোপন সুত্রে খবর পাই চারটি কন্টেনারে করে গরু পাচার করা হচ্ছে। খবর পেয়ে আমরা অন্ডাল মোড় থেকে কন্টেনারগুলিকে ধাওয়া করি। বাঁশকোপা টোলপ্লাজার কাছে একটা কন্টেনারকে ধরে ফেলি। কিন্তু বাকি তিনটে পালিয়ে যায়। প্রথমে চালক বলে কন্টেনারে বালি আছে। পরে চাপ দিলে দেখা যায় গরু রয়েছে। চালক আমাদের ২০ হাজার টাকা ঘুষ দিয়ে কন্টেনার ছেড়ে দিতে বলে। কিন্তু আমরা তৃণমূলের মতো ঘুষখোর নই। আমি নিজে দায়িত্ব নিয়ে এই পাচারকারীদের নামে কেস করবো আর এদের যথাযথ শাস্তির দাবি জানাবো।”



