খেলার মাঠের সীমানা পাঁচিল, স্কুলে কন্যাশ্রী মঞ্চ শ্রেণীকক্ষের উদ্বোধন করলেন বিধায়ক
আমার কথা, লাউদোহা, ৬ জুলাইঃ
দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে স্থানীয় ফুটবল মাঠের সীমানা পাঁচিল ও প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুন্ডা এন,সি ইন্সটিটিউশন স্কুলে নতুন শ্রেণীকক্ষ, “কন্যাশ্রী” মঞ্চের উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সোমবার এগুলির উদ্বোধন করেন তিনি। প্রথম উদ্বোধন অনুষ্ঠানটি হয় গৌরবাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে। এখানে একটি দীর্ঘদিনের পুরনো ফুটবল মাঠ রয়েছে। সেই মাঠে স্থানীয় ছেলেরা খেলাধুলার চর্চা করে। মাঠটির কোন সীমানা পাঁচিল ছিল না এতদিন। বিধায়কের তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে মাঠের চারপাশে সীমানা পাঁচিল তৈরি হয় সম্প্রতি। আগামী দিনে মাঠটি স্টেডিয়ামে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান বিধায়ক। অন্যদিকে বিধায়ক তহবিলে প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুন্ডা এন,সি ইনস্টিটিউশন স্কুলে সম্প্রতি তৈরি হয়েছে কয়েকটি নতুন শ্রেণিকক্ষ। কন্যাশ্রী মঞ্চ ও স্কুল চত্বরে বসানো হয়েছে পেপার ব্লক। এদিন বিধায়ক সেগুলিরও উদ্বোধন করেন। স্কুল সূত্রে জানা গেছে কন্যাশ্রী মঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নতুন শ্রেণিকক্ষ তৈরি হয়েছে ১১ লক্ষ টাকায়। অন্যদিকে স্কুল চত্বরে পেপার ব্লক লাগাতে খরচ হয়েছে ৫ লক্ষ টাকা।



