জোর করে দোকান বন্ধের চেষ্টা, পুলিশের সাথে বচসা বনধ সমর্থকদের
আমার কথা, পানাগড়, ৯ জুলাইঃ
বুধবার কয়েক দফা দাবিতে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। সেই ধর্মঘটের সমর্থনে সকাল থেকে পানাগড় বাজারে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল বের করে বামেরা। যদিও সকাল থেকেই বাস পরিষেবা ও রেল পরিষেবা স্বাভাবিক থাকলেও বেশ কিছু ব্যবসায়ী সকাল থেকেই দোকান বন্ধ রাখে। পানাগড় বাজারে বন্ধের সমর্থনে বামেদের মিছিল থেকে বাম কর্মীরা ব্যবসায়ীদের জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বনধ সমর্থকরা। ব্যবসায়ীদের সাথে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি পানাগড় স্টেশন রোডে।
সিপিআইএম নেতা বীরেশ্বর মন্ডলের অভিযোগ “সাধারণ মানুষ কৃষক ক্ষেত মজুরের স্বার্থে ডাকা বনধের সমর্থনে মিছিল বের করে। সেই মিছিল থেকে ব্যবসায়ীদের বনধের সমর্থনে দোকান বন্ধ রাখার আবেদন জানানো হয়। কিন্তু পুলিশ ব্যবসায়ীদের হুমকি দিয়ে দোকান খোলায়। শাসক দলের দলদাসে পরিণত হয়েছে বাংলার পুলিশ। যখন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল পুলিশের মা বোন তুলে গালাগাল দেয়, তখন পুলিশের মুখ বন্ধ থাকে। আর তারা যখন মানুষকে আবেদন করেছেন দোকান বন্ধ রাখতে তখন পুলিশ মুখ খুলছে মানুষের আন্দোলন বন্ধ করতে।”



