দুর্গাপুরে তৈরি হতে চলেছে বিশ্ব মানের সুইমিং পুল
আমার কথা, দুর্গাপুর, ১২ জুলাইঃ
একদা ডাঃ বিধানচন্দ্র রায়ের হাত ধরে দুর্গাপুরে গড়ে উঠেছিল শিল্প। তারপর থেকে বিশ্বের দরবারে দুর্গাপুর পরিচিত শিল্পনগরী হিসেবে। এরপর দামোদর দিয়ে গড়িয়ে গেছে বহু জল। শিল্পশহর এখন আর শিল্পাঞ্চলে আটকে নেই। এই শহরের মানুষ পেয়েছে অনেক বড় বড় হাসপাতাল, বড় বড় নামী দামি স্কুল কলেজ। তাহলে আর ক্রীড়ার জগতেই বা পিছিয়ে থাকবে কেন এই ডাঃ বিধানচন্দ্র রায়ের এই স্বপ্নের শহর? তাই সেই ভাবনা থেকে এবার দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গণে তৈরী হতে চলেছে বিশ্বমানের সুইমিং পুল। শুধু তাই নয় সাথে দুর্গাপুরে সাঁতার শিক্ষার্থীদের জন্যও একটি বিশেষ পুল তৈরী করা হবে। শনিবার এই প্রকল্পগুলিরই শিলান্যাস অনুষ্ঠান হয় গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ মন্ত্রী প্রদীপ মজুমদার, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুরপ্রসাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমূখ।
এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত জানান, জায়গা এডিডিএ এর, কিন্তু সুইমিং পুল তৈরী করে দেবে দুটি বেসরকারি সংস্থা। সেমি অলিম্পিক মানের সুইমিং পুল তৈরি করা হচ্ছে। তবে শুধু সুইমিং পুল নয় অত্যাধুনিক মানের ব্যাডমিন্টন, লন টেনিস কোর্ট সহ ক্লাব ঘর তৈরি করা হবে। আগামী ছয় মাসের মধ্যে এইগুলি তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে”।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুরে এই ইন্ডোর সুইমিং পুল যদি ঠিক মতো ব্যবহার করা যায়, যদি বাইরের থেকে ভাল প্রশিক্ষক এনে দুর্গাপুরের সাঁতার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া যায়, তাঁর থেকে ভাল আর কিছু হতে পারে না। তাই এই এডিডিএ এর এই পরিকল্পনাতে আমি খুব খুশী”।



