দেশের সীমানা ছাড়িয়ে আমেরিকায় পাড়ি দিল অন্ডালের কারখানার উৎপাদিত এসিপি প্যানেল
আমার কথা, অন্ডাল, ১৮ জুলাই:
অন্ডালের কারখানায় উৎপাদিত এসিপি প্যানেল পাড়ি দিল আমেরিকায়। এতদিন দেশের বাজারে এই প্যানেল সরবরাহ করা হলেও এই প্রথমবার বিদেশে সরবরাহ করা হলো বলে জানান সংস্কার কর্ণধার। এটা সংস্থার বড় সাফল্য বলে জানান তিনি।
২০১৬ সালে উখরা অন্ডাল রোডের খান্দরাতে অভিষেক গ্লাস ইন্ডাস্ট্রি নামে একটি কারখানা গড়ে তোলেন উখড়ার বাসিন্দা ব্যবসায়ী নরেশ শর্মা। এই কারখানায় টাফেড গ্লাস উৎপাদন হয়। প্রতিষ্ঠার খুব অল্পদিনের মধ্যেই সংস্থাটি সাফল্যের মুখ দেখে। ২০২৩ সালে খান্দরা সংলগ্ন ময়রাতে তিনি নতুন একটি কারখানা স্থাপন করেন। এই কারখানাতে এসিপি (অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল) প্যানেল উৎপাদন হয়। বড় বিল্ডিং, বহুতল, শপিংমল, কর্পোরেট অফিসের দেওয়ালে সৌন্দর্য বাড়াতে এই প্যানেল ব্যবহার হয়। এতদিন সংস্থাটির উৎপাদিত প্যানেল সরবরাহ সীমাবদ্ধ ছিল দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের মধ্যে। বৃহস্পতিবার সেই সীমাবদ্ধতা ছাড়িয়ে উৎপাদিত এসিপি প্যানেল পাড়ি দিল সুদূর আমেরিকার শিকাগো শহরে সম্প্রতি শিকাগো শহরে থেকে প্যানেল সরবরাহের বরাত আসে। বৃহস্পতিবার বিকেলে সংস্থার কারখানা থেকে প্যানেল নিয়ে লরি পাড়ি দেয় কলকাতার উদ্দেশ্যে। খিদিরপুর ডক থেকে মাল বহনকারী জাহাজে করে সেই প্যানেল শিকাগো পৌঁছাবে। জলপথে মাস দেড়েকের মধ্যে শিকাগো শহরের নির্দিষ্ট জায়গায় প্যানেল গুলি পৌঁছে যাবে বলে জানান অভিষেক গ্লাস ইন্ডাস্ট্রির কর্ণধার নরেশ শর্মাম তিনি বলেন এটি সংস্থার বড় সাফল্য। আন্তর্জাতিক স্তরে ব্যবসা করার এটা প্রথম পদক্ষেপ। আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশেও ব্যবসা বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে।



