এডিডিএ ও দুই পুরসভার উদ্যোগে ‘পশ্চিম বর্ধমান জেলা সম্মান’ পুরষ্কার প্রদানের আয়োজন
আমার কথা, দুর্গাপুর, ১৯ জুলাইঃ
এবার আর শুধু দুর্গাপুর সম্মান নয়, দুর্গাপুর পেরিয়ে তা হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা সম্মান। উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদ, দুর্গাপুর নগর নিগম, আসানসোল পুরসভা আর সহযোগিতায় জেলার বিভিন্ন বণিকসভাগুলি। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য জেলার উদ্যোগপতিদের চিহ্নিত করে তাঁদের সম্মানিত করা। নব উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি শিল্পের সেরা উদ্যোক্তা, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সেরা উদ্যোক্তা, শ্রেষ্ঠ উদ্যোগী, ক্রীড়া সম্মান, শিক্ষা সম্মান, আধুনিক পশ্চিম বর্ধমানের রূপকার এবং পশ্চিম বর্ধমান রত্ন সম্মান, এই আটটি বিভাগে সম্মানিত করা হবে।
শনিবার আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের দুর্গাপুরের দপ্তরে একটি সাংবাদিক বৈঠক করে এই পশ্চিম বর্ধমান জেলা সম্মানের বিষয়টি জানানো হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর বনিক সভার সদস্যবৃন্দ সহ আরো অনেকে।
এই বৈঠকে জানানো হয় আগামী ১৭ আগস্ট এই অনুষ্ঠানের দিন স্থির হয়েছে। নাম নতিভুক্ত করার দিন শুরু হল আজ অর্থাৎ ১৯ জুলাই থেকে।
আড্ডার চেয়ারম্যান কবি দত্ত জানান, “তরুণ প্রজন্মকে উৎসাহ দিতেই মুলতঃ এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু উদ্যোগপতি নয়, শিক্ষা, ক্রীড়া, শিল্প ক্ষেত্রেও এই সম্মানের ব্যবস্থা করা হয়েছে। জেলার অগ্রগতিতে যারা অগ্রণী ভুমিকা নিয়েছেন তাঁদের সম্মান জানানোর জন্যই এই উদ্যোগ”।
মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, “জেলার অগ্রগতি আর উন্নতিতে যারা অগ্রণী ভুমিকার ছাপ রেখেছেন তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে এই সম্মানের জন্য, আর এর জন্য একটি বিশেষ টিম তৈরি করা হচ্ছে যারা নিরপেক্ষ ভুমিকা পালন করবেন এই যোগ্যদের বাছাই করতে”।



