কয়লার সাথে ছাই মেশানোর অভিযোগ জিতেন্দ্র তিওয়ারীর, অস্বীকার কর্তৃপক্ষের
আমার কথা, পান্ডবেশ্বর, ২২ জুলাই:
উৎপাদনে কারচুপি করতে কয়লার সাথে মেশানো হচ্ছে ছাই, অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির। অস্বীকার কর্তৃপক্ষের। ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি কোরিয়ারির ঘটনা।
সাইডিং থেকে কয়লা চুরি, মজুদ কয়লার হিসাবে কারচুপি রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের কোলিয়ারি গুলোতে নতুন কোন ঘটনা নয়। যদিও এইসব অভিযোগ কখনোই স্বীকার করে না কর্তৃপক্ষ। ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহি কোলিয়ারিতে এরকমই অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। মঙ্গলবার সমাজ মাধ্যমে টুইট করে তিনি এই বিষয়ে সরব হন। অভিযোগের স্বপক্ষে টুইটের সাথে তিনি কয়েকটা ছবি ও ভিডিও পোস্ট করেন। ছবি ও ভিডিওতে দেখা যায় খনি থেকে উৎপাদিত কয়লা যেখানে মজুদ রাখা হয় সেই সাইডিংএ বাইরে থেকে ডাম্পারে করে ছাই এনে ঢালা হচ্ছে। টুইটে তিনি লিখেছেন এতে দুর্নীতির গন্ধ পাচ্ছি। মজুদ কয়লার হিসাবে কারচুপি করতে কয়লার সাথে সেই ছাই মেশানো হচ্ছে। সেজন্য কোলিয়ারির সাইডিং এ প্রচুর পরিমাণ ছাই মজুদ করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করা হয় কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে। খোট্টাডিহি কোলিয়ারি এজেন্ট সুদীপ সাহা বলেন ভিত্তিহীন অভিযোগ। অন্যদিকে পাণ্ডবেশ্বর এরিয়ার জেনারেল ম্যানেজার অমিতাভ ভট্টাচার্য্য বলেন আমার কাছে এরকম কোন অভিযোগের খবর নেই। সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিক বিষয়টি বলতে পারবেন বলে জানান তিনি।



