কলেজ ছাত্রের রহস্যজনক অন্তর্ধান, উদ্বেগে পরিবার
আমার কথা, কাঁকসা, ২৪ জুলাইঃ
হাঁটতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ পানাগড়ের বাসিন্দা এক কলেজ পড়ুয়া। মানকর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জিৎ পাল (২০) বুধবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে বিকালের দিকে হাঁটতে বের হয়। বাড়ি থেকে বেরোনোর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় নি। বৃহস্পতিবারও সকাল থেকেই তার খোঁজ চালানো হয় বিভিন্ন এলাকায়। তার পরেও তার কোনো খোঁজ না পেয়ে অবশেষে কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন জিতের পরিবার। জিতের বাবা পানাগড়ের একজন ব্যবসায়ী। ফলে এই ঘটনায় ব্যবসায়ী মহলের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
জিতের বাবা জয়দেব পাল জানিয়েছেন, জিৎগতকাল দুপুর ১টা নাগাদ বারি ফিরে ভাত খায়। রোজ বিকাল হলেই হাঁটতে যেতো। প্রতিদিনের মত বুধবার সে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু তার পর সন্ধ্যায় বাড়ি ফিরে আসার কথা থাকলেও সে আর বাড়ি ফেরে নি। একটু একটু করে রাত বাড়তে থাকলে তখন তার বন্ধু-বান্ধব থেকে শুরু করে যে সমস্ত জায়গায় যায় সেই সমস্ত জায়গায় তার খোঁজ চালানো হয়েছিল।
জিতের মা বনানী পাল জানান “গতকাল থেকে আমার ছেলে বাড়ি ফেরেনি। দুপুরে কলেজ থেকে ফিরে বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। প্রতিদিন ৪টের মধ্যে বারি ফিরে আসে। কিন্তু ৫টা বেজে গেলেও না ফেরায় আমরা যোগাযোগের চেষ্টা করি। কিন্তু ওকে ফোনে পাই না।” আমরা থানায় গেছিলাম। পুলিস ২৪ ঘন্টা পরে মিসিং ডায়েরি নেবে বলেছে।
সকাল থেকেই আত্মীয় স্বজনের কাছেও ফোন করে খবর নেওয়া হয়েছিল। কিন্তু কোথাও তার খোঁজ না পেয়ে অবশেষে তারা কাঁকসা থানার পুলিশের কাছে যান। নিজেই কোথাও গেছে নাকি তাকে অপহরণ করা হয়েছে সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা।কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



