পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ,গুরুতর আহত গর্ভবতী মহিলা
আমার কথা, পানাগড়, ২৬ জুলাইঃ
নিজের পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে পুকুর মালিকের সাথে মাছ চাষির সংঘর্ষে উত্তেজনা ছড়ালো কাঁকসায়। দুই পক্ষের সংঘর্ষে আহত এক গর্ভবতী মহিলা সহ মোট তিনজন। জানা গেছে পানাগড় বাজারে ক্যানেলপাড় সংলগ্ন এলাকায় শুক্রবার পুকুরের মালিক তার পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছিলেন। সেই সময় মাছ চাষী মানিক মেটে পুকুর মালিক কে পুকুর থেকে কান ধরে পাড়ে তুলে নিয়ে আসে। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। এরপরই দুইজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। সাময়িকভাবে ঘটনা মিটমাট হয়ে গেলেও শনিবার সকাল থেকে ফের উত্তেজনা দেখা দেয়। এদিন প্রয়োগপুরের বাসিন্দা মাছ চাষী মানিক মেটে দলবল নিয়ে গিয়ে পুকুর মালিকের বাড়ি চড়াও হয়। বাড়ির ভেতর ঢুকে পুকুর মালিক সুমন দত্ত ও মিঠু দত্তকে মারধর করা হয়। তাদের আটকাতে গেলে সুমন ও মিঠুর বোন লক্ষ্মী বিশ্বাসকেও মারধর করা হয়। সুমন ও মিঠুর বোন লক্ষ্মী বিশ্বাস গর্ভবতী হওয়ায় লক্ষ্মী বিশ্বাসের পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এরপর সুমন ও মিঠুকে তুলে নিয়ে গিয়ে কাঁকসার প্রয়াগপুরে একটি ক্লাবে ঢুকিয়ে মারধর করার অভিযোগ ওঠে। অন্যদিকে মিঠু বিশ্বাসের রক্তক্ষরণ শুরু হওয়ায় তাকে তড়িঘড়ি পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত সুমন ও মিঠুকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।
এদিকে, মাছ ব্যবসায়ী মানিক মেটে আক্রান্ত হাসপাতালে ভর্তি। দুই পক্ষের মোট ৪জন আটক। গর্ভবতী মহিলার অবস্থার অবনতি হলে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে সে মৃত শিশুর জন্ম দেয়।



