ভাঙা রাস্তার জমা জলে মাছের চারা ছেড়ে প্রতিবাদ বিজেপির
আমার কথা, দুর্গাপুর, ৩ আগস্টঃ
শহর দুর্গাপুরের গুরুত্বপূর্ণ রাস্তা ২৮নং ওয়ার্ডের মুচিপাড়া আইটিআই মোড় থেকে শুরু করে যে রাস্তাটি গিয়ে মিসেছে রাজ্য সড়কে। অথচ এই গুরুত্বপুর্ণ রাস্তাটির হতশ্রী অবস্থার কারনে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত নিত্যযাত্রীদের। কোথাও তৈরী হয়ে ডোবা, আবার কোথাও ছোট বড় গর্ত। এই দুর্বিসহ অবস্থার প্রতিবাদ জানাতে পথে নামলো বিজেপি নেতৃত্ব। রবিবার সকালে আইটিআই মোড়ে বিজেপির ৩নং মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল ও জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের নেতৃত্বে কর্মী সমর্থকরা জমা জলে মাছের চারা ছাড়েন, সাথে ধানের চারা রোপন করেন।
চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, “দুর্গাপুর নগর নিগম ও আড্ডার অধীনে যে রাস্তাগুলো পড়ে সেগুলোর সব একই বেহাল অবস্থা। এই রাস্তার ওপর দিয়ে প্রতিদিন বালি বোঝাই ট্রাক্টর যাতায়াত করে। সেই কারনে ভাঙছে রাস্তাগুলো। পুজোর আগে এই রাস্তাগুলো মেরামত করতে হবে, নাহলে আমরা বড় আন্দোলনের পথে পা বাড়াবো”।
এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখী তিওয়ারি বলেন, “শহরের অনেকগুলি রাস্তার টেন্ডার দেওয়া হয়ে গেছে। কিন্তু কয়েক মাস ধরে টানা বৃষ্টিপাতের জেরে কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলেই সংস্কারের কাজ শুরু হবে”।



