জরুরি বিভাগের সামনে জরুরি পরিস্থিতি! হুলস্থুল দুর্গাপুর মহকুমা হাসপাতালে
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৬ নভেম্বর:
জরুরি বিভাগের সামনে হঠাৎই বাইকে ঢুকে পড়ল সাপ, আর মুহূর্তের মধ্যে তৈরি হল এক আতঙ্কিত পরিবেশ। হুলস্থুল কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রবিবার সকালে নিজের কাজে ভেতরে গিয়েছিলেন এক ব্যক্তি। ফিরে এসে দেখেন, তার বাইকের ভেতর নড়াচড়া করছে একটি চিতি সাপ। চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে দূরে সরে যান। চারদিকে খবর ছড়াতেই রোগী– আত্মীয়– হাসপাতাল কর্মীদের মধ্যে চোখেমুখে স্পষ্ট আতঙ্ক। কেউ দূর থেকে চিৎকার করে সাবধান করছে, কেউ মোবাইলে ভিডিও করতে দৌড়চ্ছে। আতঙ্ক ছড়িয়ে যায় এলাকায়। অনেক চেষ্টা ও উপস্থিত মানুষের সহযোগিতায় সাপটিকে বাইক থেকে বের করা গেল বটে, কিন্তু এটি বিষধর নাকি নির্বিষ, তা নিশ্চিত নয়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের পাশে থাকা ঝোপঝাড় বাড়ায় সাপের উপদ্রব দিনদিন বাড়ছে। হাসপাতাল চত্বরেই যদি এমন আতঙ্ক সৃষ্টি হয়, তবে সাধারণ রোগীদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন তারা।



