এসআইআর আবহে উন্নয়ন সংলাপ যাত্রায় তৃণমূল
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ২ জানুয়ারী:
দুর্গাপুর: এসআইআর শুনানি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোটাররা এই অভিযোগ শুরু থেকেই তুলে ধরে আসছে তৃণমূল কংগ্রেস। দিনের পর দিন অনিশ্চয়তা, হয়রানি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বহু মানুষ। ভোটার তালিকায় নাম থাকবে তো, নাকি বাদ পড়বে এই দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ছে অনেকেরই। এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর স্পষ্ট বার্তা নিয়ে ‘উন্নয়ন সংলাপ যাত্রা’কে সামনে রেখে পথে নামল তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরের ভিড়িঙ্গি সহ ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে শুরু হয় জনসংযোগ ও সচেতনতা কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কথা শোনা, এসআইআর শুনানি সংক্রান্ত ভোগান্তির কথা লিপিবদ্ধ করা এবং ভোটারদের পাশে থাকার আশ্বাস দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এদিন কর্মসূচিতে উন্নয়নের পাঁচালী তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনমুখী প্রকল্পগুলির কথাও তুলে ধরা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এই উন্নয়ন সংলাপ যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলার রাখি তিওয়ারি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,
“ভোটারদের অধিকার রক্ষা করতে তৃণমূল কংগ্রেস আগেও রাস্তায় ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কোনও ষড়যন্ত্রে যেন সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, তা নিশ্চিত করাই আমাদের লড়াই। উন্নয়ন সংকল্প যাত্রার মাধ্যমে আমরা সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।”
অন্যদিকে, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”এইসব নাটক করে লাভ নেই। মানুষকে ভুল বুঝিয়ে লাভ নেই। মানুষ বুঝতে পারছে রাজ্যের দুর্নীতি। ২০২৬ বিধানসভা নির্বাচনে ঠিক জবাব পাবে।”



