বাঁকুড়ায় একাধিক জায়গায় আশাকর্মীদের পুলিশী বাধা, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ
আমার কথা, ২১ জানুয়ারী
দেবনাথ মোদক, বাঁকুড়া:
বড়জোড়া ও জয়পুরে আশা কর্মীদের বিক্ষোভ, বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
বাঁকুড়ার বড়জোড়া চৌমাথা মোড়ে দুর্গাপুর-বাঁকুড়া রাজ্য সড়ক এবং জয়পুর বাঘাজোল বাসস্ট্যান্ডে বিষ্ণুপুর-কলকাতা দু’নম্বর রাজ্য সড়কে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। অভিযোগ, কলকাতার উদ্দেশে যাওয়ার সময় পুলিশ তাঁদের বাস থেকে নামিয়ে দেয়।
আন্দোলনকারীদের দাবি, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা নিজেদের ন্যায্য দাবিদাওয়া আদায়ের জন্য স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু পথে পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আশা কর্মীরা এবং একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এই বিক্ষোভের জেরে সংশ্লিষ্ট রাজ্য সড়কগুলিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
অপরদিকে,খাতড়ার পাম্প মোড়ে পথ অবরোধ আশা কর্মীদের। বুধবার সকালে নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে খাতড়া ব্লকের একাধিক আশা কর্মী একটি গাড়িতে করে খাতড়ার সিমলাপাল রোড এলাকায় জড়ো হয়েছিলেন। সেখানে পৌঁছে তারা জানতে পারেন, কলকাতা যাওয়ার জন্য কোনো বাস যাচ্ছে না।
আশা কর্মীদের অভিযোগ, বাস মালিককে ভয় দেখিয়ে প্রশাসনের তরফে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় শতাধিক আশা কর্মী সেখানে আটকে পড়েন। বাস না পেয়ে তারা চরম ক্ষোভে ফেটে পড়েন। এরপর আশা কর্মীরা খাতড়ার পাম্প মোড়ে গিয়ে জমায়েত হন এবং পথ অবরোধ শুরু করেন। খাতড়া-বাঁকুড়া ও খাতড়া-সিমলাপাল রাস্তার উপর বসে তারা অবরোধ চালান। এর জেরে দু’টি রাস্তাতেই যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিকবার অবরোধ তোলার চেষ্টা করে। তবে আশা কর্মীরা অবরোধ তুলতে রাজি হননি। বিক্ষোভরত আশা কর্মীদের দাবি, “কলকাতা যাওয়ার জন্য যদি একটি বাসের ব্যবস্থা করে দেওয়া হয়, তবেই আমরা অবরোধ তুলে নেব।” এই ঘটনাকে ঘিরে খাতড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।



