১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
আমার কথা, ১৪ জুলাই:
নিজস্ব সংবাদদাতা, উখড়া:
আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল ব্লকের উখড়া গ্রামের জমিদার বাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা । প্রায় ১৮৬ বছরের পুরনো এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি । রথের সংস্কার, রং করা, অলংকরণ এবং বিভিন্ন আনুষঙ্গিক কাজ এখন শেষ পর্যায়ে ।
ঐতিহাসিক এই রথটি পিতলের তৈরি । প্রতিবছরের মতো এবারও দক্ষ কারিগরদের তত্ত্বাবধানে রথের বিভিন্ন অংশের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে । রথযাত্রার দিন জমিদার বাড়ির কুলদেবতা গোপীনাথ জিউ-সহ অন্যান্য বিগ্রহকে এই রথে বসিয়ে শোভাযাত্রা বের করা হবে ।
জানা যায়, উখড়া গ্রামের তৎকালীন জমিদার শম্ভুনাথলাল সিংহ হান্ডে ১৮৬ বছর আগে এই রথযাত্রার সূচনা করেছিলেন । সেই থেকে আজও একই ঐতিহ্য বজায় রেখে প্রতিবছর রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে । উখড়া দাসপাড়ার রথতলায় সারা বছর সংরক্ষিত থাকে এই ঐতিহাসিক রথ । রথযাত্রার আগে প্রতিবছরই এর প্রয়োজনীয় সংস্কার করা হয় ।
জমিদার পরিবারের সদস্য অনুরণলাল সিংহ জানান, রথযাত্রাকে ঘিরে সমস্ত প্রস্তুতি চলছে । রথের সংস্কারের পাশাপাশি মন্দির ও প্রাঙ্গণ সাজানোর কাজও এগোচ্ছে । উৎসবকে কেন্দ্র করে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগমের আশা করা হচ্ছে । সেই কারণে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গেও সমন্বয় রাখা হচ্ছে ।
উখড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক । তাই রথযাত্রার দিন যত এগিয়ে আসছে, ততই উৎসবের আবহে মেতে উঠছে গোটা উখড়া ।



